পার্লামেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে তুর্কি এমপির মৃত্যু
আন্তর্জাতিক

পার্লামেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে তুর্কি এমপির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের পার্লামেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে আইনপ্রণেতা হাসান বিটমেজ মারা গেছেন।  মঙ্গলবার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আংকারা সিটি হাসপাতালে মারা যান তিনি। ইসরায়েলের প্রতি সরকারের নীতির সমালোচনা করার সময় অসুস্থ হয়ে পড়েন এই নেতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা সাংবাদিকদের বলেন, আংকারা সিটি হাসপাতালে মারা যান ৫৪ বছর বয়সী হাসান বিটমেজ।  বিটমেজের হৃৎপিণ্ডের প্রধান দুটি শিরা একেবারে বন্ধ হয়ে গেছিলো। পার্লামেন্টের অফিসিয়াল সম্প্রচারে দেখা গেছে, মঙ্গলবার সাধারণ পরিষদের আগে বক্তৃতা শেষে মঞ্চে দাঁড়িয়ে থাকার সময় মেঝেতে ঢলে পড়েন বিটমেজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময়ও দেশটির সঙ্গে তুরস্কের বাণিজ্য চলমান থাকায় প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির সমালোচনা করেন বিটমেজ। তুরস্কের জাহাজগুলোকে ইসরায়েলে প্রবেশের সমালোচনা করে তিনি আরও বলেন, এরদোয়ানের একে পার্টি খুনি ইসরায়েলের সহযোগী।

পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত জীবনী থেকে জানা গেছে, কায়রোর আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ইসলামিক ইউনিয়ন রিসার্চ সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিটমেজ।  তিনি ফেলিসিটি (সাদেত) পার্টির আইনপ্রণেতা ছিলেন।