সবার সংবাদ ডেস্ক:
মুজিবনগরের বুলুয়ারা হত্যা মামলার প্রধান আসামি মোঃ আসান আলী মোল্যা (৩৫) কে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ। ২৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে শরিয়তপুর জেলার সখিপুর থানাধীন চর কমরিয়া ইউনিয়নের মোল্লার হাট পেদা মার্কেটের নাজমুলের হোটেলের সামনে হইতে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসান আলী মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর হঠাৎপাড়া এলাকার মোঃ আব্দুস সাত্তারের ছেলে।
গত ২০ ফেব্রুয়ারি সোমবার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠের একটি গমক্ষেত থেকে উদ্ধারকৃত বুলুয়ারা খাতুন নামের এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। প্রথম দিকে ওই নারীর পরিচয় পাওয়া না গেলেও দিবাগত রাতেই ওই নারীর আত্মীয়রা তার লাশ শনাক্ত করে। বুলুয়ারা খাতুন গাংনী উপজেলার নিশিপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের।
জানা যায়, স্বামী রফিকুল মারা যাওয়ার পর বুলুয়ার কন্যা সন্তান ঘরে রেখে গত এক বছর পূর্বে প্রেমের সম্পর্কের জের ধর মেহেরপুর সদর উপজেলার পিরাজেপুর গ্রামের আহসান আলীর সাথে বিয়ে করেন। বুলু আরা আহসান আলীর দ্বিতীয় স্ত্রী হিসাবে সংসার করে আসছিলেন। শনিবার বুলু আরা নিশিপুর গ্রামে তার মেয়ের সাথে দেখা করে দ্বিতীয় স্বামীর বাড়ি পিরাজেপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পরে নিখোঁজ হন। গত সোমবার দুপুর আড়াইটার দিকে মহাজনপুর গ্রামের একটি ইটভাটার কাছে গমক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশের একটি দল। লাশের ছবি দেখে তার পরিবার বুঝতে পারে সেটি বুলু আরার লাশ। এঘটনায় বুলুয়ারার ভাই বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৮। তারিখ-২১/০২/২০২৩ ইং।
ঘটনার পর থেকেই মামলার তদন্তকারী কর্মকর্তা মুজিবনগর থানা পুলিশের এসআই মোঃ আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স সহ আসামী গ্রেফতার করার জন্য থানা ও থানার এলাকায় বাইরে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে মেহেরপুর জেলার ডিবি পুলিশ ও মুজিবনগর থানা পুলিশ যুক্ত হয়ে থানা চাঁদপুর, শরীয়তপুর, ঢাকা সহ বিভিন্ন এলাকার উদ্দেশ্যে অভিযানে বের হয়। অভিযান চলাকালে তথ্যগত প্রযুক্তির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি তারিখ দুপুর আড়াইটার দিকে মেহেরপুর জেলার ডিবি পুলিশ, মুজিবনগর থানা পুলিশ ও শরিয়তপুর জেলার সখিপুর থানা পুলিশের সহায়তায় সখিপুর থানাধীন চর কমরিয়া ইউনিয়ন এর মোল্লার হাট পেদা মার্কেটে নাজমুলের হোটেলের সামনে থেকে আসান আলীকে গ্রেফতার করা হয়।







