সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে আশিক ট্রেডার্স নামের একটি গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক আশিক। আশিক বুড়িপোতা গ্রামের আসাদ আলীর ছেলে।
জানা গেছে রবিবার রাত এগারোটার দিকে আশিক তার দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। এরপর মধ্যরাতে অগ্নিকারন্ডের ঘটনা ঘটে। আগুন দেখে বুড়িপোতা গ্রামের অটোচালক মজিদুল হক দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে দোকান মালিকসহ আশপাশের লোকজনকে খবর দেন। এসময় প্রতিবেশীরা এসে আগুন নেভানোর পূর্বেই দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়।
দোকান মালিক আশিক জানান, ঈদকে সামনে রেখে গত বৃহস্পতিবার দোকানে কসমেটিক্সসহ গার্মেন্টেসের মালামাল উঠানো হয়েছে। তবে আগুনের খবর পেয়ে দোকানে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা ও সাটার কিছুটা ওঠানো। ধারনা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। আশিক ফায়ার সার্ভিসের উপর অভিযোগ নিয়ে বলেন, ৯৯৯ ফোন দিয়েছি তাদের সরাসরি ফোন দিয়েছি কিন্তু তাদের কোন সাড়া মেলেনি।
এ বিষয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করা হলে তারা বলেন, অগ্নিকান্ডের খবর শুনে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রায় আড়াই কিলোমিটার যাবার পর অফিস থেকে জানানো হয়, আগুন নিভে গেছে। যে কারণে সেখান থেকে আমরা ফিরে আসি।







