মেহেরপুরে গাছে গাছে সৌন্দর্য্য ছড়াচ্ছে আমের মুকুল
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে গাছে গাছে সৌন্দর্য্য ছড়াচ্ছে আমের মুকুল

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলার সর্বত্র গাছে গাছে সৌন্দর্য্য ছড়াচ্ছে আমের মুকুল। শীত পেরিয়ে প্রকৃতিতে বসন্ত এসে গেছে। শীতের পাতা ঝরানোর দিনগুলো পেছনে ফেলে ফাল্গুন মাস প্রকৃতির জীবনে নিয়ে আসে নানা রঙের ছোঁয়া। প্রকৃতি সাজেছে নতুনভাবে, বাতাসে নানান ফুলের সুবাস ছড়িয়ে দিতে ফাল্গুন আসে নতুনভাবে নতুন রূপে।

বসন্তে  প্রকৃতির সাথে আমাদের কৃষিকেও দোলা দিয়ে যায় উল্লেখযোগ্যভাবে। এরই মধ্যে মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম গাছ। সোনালি হলুদ রঙের আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ যে কাউকে মুগ্ধ করবে। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট ছোট পাখিরাও মুকুলে বসছে মনের আনন্দে। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ।

বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মন ও প্রাণকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। ছয় ঋতুর এই বাংলাদেশে ঋতুর রাজা বসন্ত। কোকিলের সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে আসছে ঋতুরাজ বসন্ত। গাছগুলো পুরনো পাতা ঝরিয়ে সেজেছে নতুন রুপে। সকলের সঙ্গে তাল মিলিয়ে প্রকৃতির হাতছানিতে শহর-গ্রামগঞ্জে আমের মুকুল ভরে উঠেছে। কেড়ে নিয়েছে প্রকৃতি  প্রেমীদের মন। গাছে গাছে এসব মুকুল সৌন্দর্য্যরে প্রতীক হয়ে জেগেছে।