মেহেরপুরে এবার সরিষার আবাদ বৃদ্ধি তৈল এবং মধু তৈরীতে ব্যস্ত সকলে
টপ নিউজ সারাদেশ মেহেরপুর

মেহেরপুরে এবার সরিষার আবাদ বৃদ্ধি তৈল এবং মধু তৈরীতে ব্যস্ত সকলে

গোলাম মোস্তফা:

মেহেরপুরের বিস্তীর্ণ মাঠের চারদিক তাকালেই সবুজের বুকে হলুদের চাদর বিছানো সরিষা খেতের দৃশ্য মনোমুগ্ধকর হয়ে উঠেছে সকলের চোখে। তাই সরিষার খেত দেখতে এবং সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে প্রতিদিনই ভীড় করছে হলুদ ফুল প্রিয় মানুষজন। মেহেরপুরে এবার সরিষার ব্যাপক আবাদ হওয়ায় হলুদে ভরে গেছে গ্রামের বিস্তীর্ণ মাঠ।

চাষের উৎপাদন সময় আর খরচ দুটোই কম হওয়ায় মেহেরপুরে কৃষকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সরিষা চাষ। গত কয়েক বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে শস্যটির ফলনও আগের চেয়ে বেড়েছে। এ কারণে মেহেরপুর জেলায় দিন দিন বাড়ছে সরিষার চাষ। আবহাওয়া ভালো থাকায় সরিষায় আশার আলো দেখছেন চাষী। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় সরিষার আবাদের লক্ষ্যক্ষাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৫শ হেক্টর জমিতে। কিন্তু আবাদ হয়েছে ৫ হাজার ৮৩০ হেক্টর জমিতে। যা লক্ষমাত্রার চেয়ে  ১ হাজার ৩৩০ হেক্টও বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৭৪৫ মেঃটন।

এবার আবহাওয়া ভাল থাকায় সরিষার আবাদ ভাল হয়েছে। তাই উৎপাদন এবং ফলন দুটোই বেশি হওয়ার আশা চাষীদের। ফলন বাড়ার আরেকটি কারণ সরিষা ক্ষেতে মৌ চাষ। জমির পাশেই বাক্স বসিয়ে মৌ চাষ হচ্ছে এলাকায়। কারণ মৌমাছির মাধ্যমে সরিষা ফুলের পরাগায়নে সহায়তা হচ্ছে। এতে উৎপাদনও বাড়বে। ফলে বিঘাপ্রতি ৭-৮ মন ফলনের আশা চাষীদের।

চাষীরা জানান, এবার বৃষ্টিপাত কম হওয়ায় নিন্ম অঞ্চলগুলোতে সরিষার আবাদ বেড়েছে। এ ছাড়াও আর একটি কারণ ভোজ্যতেলের দাম বৃদ্ধি। মধু চাষের কারণে সরিষা চাষী ও মৌচাষি উভয়েই লাভবান হচ্ছেন বলে মনে করেন মৌ চাষীরা। সবমিলিয়ে মধু আহরণের জন্য মৌচাষীরা এবং খাঁটি সরিষার তৈল তৈরীর জন্য খেতের চাষীরা উভয়েই ব্যস্ত সময় পার করছেন মাঠের প্রতিটি সরিষার খেতকে ঘিরে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার জানান, প্রচলিত দেশি সরিষার চেয়ে বারি ও বিনার উদ্ভাবিত সরিষার জাতগুলোর ফলন বেশি। এ কারণে এতে চাষিরাও আগ্রহী হচ্ছেন। অনেকেই আমন ধান সংগ্রহের পর জমি ফেলে না রেখে সরিষা চাষ করছেন। এরপর আবার বোরো ধান রোপণ করতে পারছেন। এতে একই জমিতে বছরে তিনবার ফসল উৎপাদন হচ্ছে। মেহেরপুরের সরিষার বীজও হয় খুবই উন্নতমানের। তাই এই জেলার সরিষার হরেক ব্যবহার এই চাষকে লাভজনক করেছে কৃষকের মাঝে। এ কারণে প্রতিবছর মেহেরপুরে সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে।