মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মশারি বিতরণ
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মশারি বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

সারাদেশে বেড়েছে ডেঙ্গু, সেই সাথে বেড়েছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা।  তাই এই বিষয় গুলো মাথায় রেখে জেলার সাধারণ মানুষের মাঝে  ডেঙ্গু প্রতিরোধে এবং ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের  সুরক্ষিত রাখতে মেহেরপুরের ১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে মশারি বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে সাধারণ মানুষের মাঝে প্রায় ১ হাজার মশারি বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদেরকে আরো সচেতন হতে হবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা এবং পানি জমিয়ে রাখা থেকে বিরত থাকতে হবে যাতে করে ডেঙ্গু মশার মতো সকল বিষাক্ত প্রাণী জন্ম নিতে না পারে। যেহেতু ডেঙ্গু বেড়েছে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা এই মশারি আপনাদের সুরক্ষার জন্য উপহার হিসেবে দিচ্ছি। দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের কথা চিন্তা করে আপনাদেরকে সুরক্ষিত রাখতে সব ধরনের পদক্ষেপ নিতে সব সময় এগিয়ে রয়েছেন।

তিনি আরও বলেন, এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। এ বছর বৃষ্টি শুরু হয়েছে দেরিতে। যে কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। মশার কামড় থেকে ডেঙ্গু রোগ হয়। তাই মশার কামড় থেকে যাতে আমরা বাঁচতে পারি সেজন্য মশারি ব্যবহার করতে হবে। আজ অসহায় এক হাজার মানুষের মাঝে এ মশারি বিতরণ করা হচ্ছে। আপনার সকলেই অলসতা না করে মশারি ব্যবহার করবেন।

মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদের সঞ্চালনায় মশারি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, জেলা ইয়ং বাংলার সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি লুৎফুন্নেছা লতা ও সাধারণ সম্পাদিকা রোজিনা খাতুন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাইম বাইজিদ, মুজিবনগর উপজেলা ইয়ং বাংলা ফিউচার লিডারশিপের সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লাল্টু।