সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে বজ্রপাতে লিটন আলী (৩২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় সুজন আলী (৩০) নামের এক কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুর ৩ টার সময় মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের খামার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত লিটন আলী কুলবাড়িয়া গ্রামের বাসিন্দা পাড়ার শফিউদ্দিনের ছেলে। আহত সুজন আলী একই গ্রামের জাহিরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় লিটন ও সুজন খামার মাঠে শসা তুলছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে বজ্রপাতের ঘটনা ঘটে।
এসময় লিটন আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন সুজন আলী। আহত সুজন আলী মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।







