মেহেরপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৭
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৭

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, মোস্তাক রাজা (৩৫), কবির (৩০), আরিফুল ইসলাম (৫৫) ও লিজন (৪৫)। বাকীদের পরিচয় পাওয়া যায়নি।  

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা আমঝুপিতে ফেরার পথে সাইফুল গ্রুপের লোকজন লিটন গ্রুপের সমর্থকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ৪ জন আহত হন।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দীন জানান, আমঝুপিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।    খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।