সবার সংবাদ ডেস্ক:
হোটেল মালিক পুলিশ হেফাজতে
মেহেরপুর জেলা শহরের এজাজ প্নাজা আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৩৮) নামের এক অটোচালকের গলাকাটা হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ তলা এই হোটেলটি শহরের বাসস্ট্যান্ড এলাকার প্রধান সড়কে অবস্থিত। রবিবার (১১ জুন) বিকেল ৫টার তিকে পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় খন্ডিত রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় হোটেল মালিক ঝন্টু মিয়াকে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গেছে, অটোচালক আব্দুর রহমান মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুর রহিমের ছেলে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ও মেহেরপুর সদর থানা পুলিশের একাধিকদল হোটেলে পৌঁছে এই মরদেহ উদ্ধার করে।
মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার অটোচালক আব্দুর রহমান তার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রোববার দুপুরে মেহেরপুর শহরের এজাজ প্লাজা আবাসিক হোটেল থেকে তার হাত-পা বাঁধা ও গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কে বা কাহারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা সনাক্ত করে তাদের গ্রেফতারে পুলিশের একাধিকদল মাঠে নেমেছে।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরের পর থেকে হোটেল ইজাজ প্লাজার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। দুর্গন্ধের বিষয়টি হোটেল কর্তৃপক্ষ সদর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম সহ সদর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হন।
এসময় পুলিশ হোটেল ইজাজ প্লাজার চার তলার একটি তালাবদ্ধ ঘর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশটি মেহেরপুর সদর উপজেলা শোলমারি গ্রামের অটোচালক আব্দুর রহমানের বলে সনাক্ত করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিষয়টি আরো পরিষ্কার করা হবে।







