সবার সংবাদ ডেস্ক :
ওরা চেষ্টা করছে, ভোটরদের হুমকী দিচ্ছে, বলছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে খবর আছে। বলে বেড়াচ্ছে ভোটকেন্দ্রে বিরোধী এজেন্ট ঢুকতে দেবে না। বলছে ইভিএম- এ ভোট হবে, সব ঠিক করে নিবো। এবার মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে কোন ধরণের ভোট কারচুপি হতে দেবো না আমরা। ভোট শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে আমরা ভোট কেন্দ্রে কেন্দ্রে পাহারায় থাকবো। এই কথাগুলো বলেছেন- মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গোলাম রসুল। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি একথাগুলো বলেন।
তিনি বলেন আমার প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ দলীয় এ্যাড. আব্দুস সালাম। তার লোকজন ভোটারদের নানাভাবে প্রভাবিত করে ভোটকে বিতর্কিত করতে চাইছে। সেই সাথে ছড়াচ্ছে ভীতি। তিনি বলেন- গুজব ছড়িয়ে ভোটারকে প্রভাবিত করা যাবে না। এবারের ভোটে সিসি ক্যামেরা থাকবে। ইভিএম- নিয়ে বিরোধীপক্ষ যেভাবে ভীতি ছড়াচ্ছে, সেই পরিকল্পনা এবার তাদের কাজে লাগবে না। তিনি বলেন- আমরা আশা করি প্রশাসন এবারের নির্বাচনে কঠোর ভূমিকায় থাকবেন। প্রশাসনের যে ভূমিকায় ভোট শান্তিপূর্ণ ও স্বচ্ছ হবে। ভোটে তিনিই জয়ী হবেন বলে আশাবাদ ব্যাক্ত করে বলেন- নির্বাচনের দিন গণমাধ্যমকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকতে হবে। এই মতবিনিময় অনুষ্টানে প্রার্থী গোলাম রসুলের নির্বাচনী প্রতিনিধিবৃন্দ ছাড়াও মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু সহ জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলক্ট্রেনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলো।







