জেলেনস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠক
জাতীয়

জেলেনস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠক

সবার সংবাদ ডেস্ক:

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এর ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) জার্মানির স্থানীয় সময় সকালে কনফারেন্স ভেন্যু হোটেল বায়েরিশার হোফে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। একই স্থানে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী। প্রধানমন্ত্রী এর আগে সকালে সম্মেলন স্থলে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তার আগে প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের এক সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেছেন। সফর শেষে আগামীকাল রাতে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী এবং ১৯ ফেব্রুয়ারি তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।