জাতীয় স্মৃতিসৌধে ব্রুনাই সুলতানের শ্রদ্ধা
জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে ব্রুনাই সুলতানের শ্রদ্ধা

সবার সংবাদ ডেস্ক:

সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। শনিবার (১৫ অক্টোবর) বিকাল ৩টা ৪০ মিনিটে স্মৃতিসৌধে তার গাড়িবহর প্রবেশ করে। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান।

তিনি বলেন, ‌‘স্মৃতিস্তম্ভের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন ব্রুনাইয়ের সুলতান। পরে সোনালু ফুল গাছের চারা রোপণ শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করে বিকাল তিনটা ৫০ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।’

তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (১৫ অক্টোবর) বেলা ২টা ২০ মিনিটের দিকে সুলতানকে বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র এই খবর নিশ্চিত করেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এই প্রথম সুলতান ওয়াদ্দৌলাহ ঢাকা সফরে আসলেন।

বিমানবন্দরে সুলতানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান।