ইউক্রেনে ৪২.৮৮ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা নেসলের
আন্তর্জাতিক

ইউক্রেনে ৪২.৮৮ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা নেসলের

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ৪২ দশমিক ৮৮ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে। পশ্চিম ইউক্রেনে একটি নতুন উৎপাদনকেন্দ্র চালু করতে এই বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন নেসলের দক্ষিণ পূর্ব ইউরোপ অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেসান্দ্রো জেনেলি। তিনি বলেন, ‘নেসলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ এই পদক্ষেপকে ইউক্রেনের জন্য খুব চ্যালেঞ্জিং সময়ে নেওয়া একটি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

নতুন এই উৎপাদনকেন্দ্র ঘিরে ক্রমবর্ধমান কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি ইউক্রেনীয় এবং ইউরোপীয়দের উচ্চ মানসম্পন্ন পণ্যসামগ্রীর চাহিদা পূরণের কথাও জানান আলেসান্দ্রো জেনেলি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটিতে নতুন বিনিয়োগের ঘোষণা দেওয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে নেসলে অন্যতম।

ইউক্রেনে ইতোমধ্যেই নেসলের প্রায় পাঁচ হাজার ৮০০ কর্মী রয়েছে। ভলিন অঞ্চলের স্মোলিহিভের নতুন উৎপাদনকেন্দ্রে নতুন করে আরও দেড় হাজার মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।