ইসরায়েলি হামলায় আরও ১৬৫ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় আরও ১৬৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। গাজার ১৯টি পরিবারে গত ২৪ ঘণ্টায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৬৫ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন।

অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৬ হাজার ৪২২ ফিলিস্তিনি নিহত ও আরও ৬৫ হাজার ৮৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ হাজারের বেশি শিশু ও সাড়ে ৭ হাজার নারী রয়েছেন।

অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলের ১২শ’ জন নিহত হয়েছেন। ইসরায়েলি আক্রমণের ফলে গাজার ৮৫ শতাংশ জনগণ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।  জাতিসংঘের মতে ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।