আন্তর্জাতিক ডেস্ক:
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে হুথিদের ওপর মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা যথেষ্ট নয়। ইয়েমেনের জাতিসংঘ-স্বীকৃত সরকারের এক নেতৃস্থানীয় সদস্য এমন মন্তব্য করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।
প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) ডেপুটি হেড, এডেন-ভিত্তিক মেজর জেনারেল আইদারুস আল-জৌবাইদি সরকারি বাহিনীকে অস্ত্র, প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের মাধ্যমে বিমান হামলাকে কার্যকর করতে পশ্চিমকে আহ্বান জানিয়েছেন।
ইরান-সমর্থিত হুথিদের বিরোধিতাকারী ইয়েমেনি দলগুলোর জোটের নির্বাহী সংস্থা পিএলসি। হুথিরা ২০১৪ সালে একটি বিদ্রোহ শুরু করেছিল যেটি গৃহযুদ্ধে রূপ নিয়ে ২০২২ পর্যন্ত স্থায়ী হয়। এসময় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন সরকারের পাশে দাঁড়িয়েছিল। এই গৃহযুদ্ধে আনুমানিক তিন লাখ ৭৭ হাজার মানুষের মৃত্যু হয়।
জোবাইদি বলেন, ‘আমরা চাই না মার্কিন নেতৃত্বাধীন জোট ইয়েমেনে আরব নেতৃত্বাধীন জোটের মতো একই ভুলের পুনরাবৃত্তি করুক। আরব নেতৃত্বাধীন জোট পর্যাপ্ত স্থল বাহিনী ছাড়াই হুথি অবস্থানে বিমান হামলা করেছিল। তিনি জোর দিয়ে বলেন, ‘তাদের ওপর বিমান হামলা যথেষ্ট নয়। সৌদি আরবের বিমান হামলা মোকাবিলায় হুথিদের আট থেকে ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং নিজেদের আর্টিলারির জন্য ভূগর্ভস্থ স্টোরেজ সিস্টেম তৈরি করেছে তারা।’
জোবাইদি আরও বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে অপারেশন এবং হামলাগুলো কার্যকর ও ব্যাপকভাবে সম্প্রসারিত এবং সমন্বয় করার তাগিদ দেওয়ার জন্য মিটিং আয়োজনের প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আমাদের সামরিক সরঞ্জাম, সক্ষমতা বৃদ্ধি এবং স্থল বাহিনীর জন্য প্রশিক্ষণ দরকার। একইসঙ্গে দরকার তথ্যের আদা-প্রদান। শক্তিশালী গোয়েন্দা তথ্য আদান-প্রদান হলে মার্কিন বিমান হামলা কতটা কার্যকর হয়েছে তা আমরা যৌথ মূল্যায়ন করতে পারব।’
সোমবার ইয়েমেনে হোদেইদাহ বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এডেনের কাছে মার্কিন মালিকানাধীন একটি কার্গো জাহাজে হুথিরা ক্ষেপণাস্ত্র ছুড়েছে।







