গাংনীতে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
টপ নিউজ মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে পাওয়ারটিলারের ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিহান ওই গ্রামের সাগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলি চালক সাইফুল ইসলাম তার ট্রলিটি পিছিয়ে রাস্তায় তোলার সময় পেছনে থাকা শিশু রিহানকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.সামিয়া জানান, শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিলো। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।