গাংনীতে মৌমাছির কামড়ে ১ জনের মৃত্যু, আহত- ৪
টপ নিউজ মেহেরপুর

গাংনীতে মৌমাছির কামড়ে ১ জনের মৃত্যু, আহত- ৪

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠে মৌমাছির কামড়ে হায়দার আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সাথে আহত হয়েছেন আরো ৪ জন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মৃত হায়দার আলী সাহারবাটি গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে। আহতরা হলো, একই গ্রামের আছেদ আলীর ছেলে ফজলু (৪০), হায়দার আলীর ছেলে মাসুম (১৫), আনন্দ মন্ডলের ছেলে হায়াত আলী (৬০) ও পঞ্জত আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৫)।

স্থানীয়রা জানান, সাহারবাটি মাঠের একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল। হঠাৎ একটি বাজপাখি তাতে হানা দিলে মৌমাছিরা এদিক ওদিক ছুটতে থাকে। এসময় মাঠে কর্মরত লোকজনের উপর আক্রমন শুরু করে। মৌমাছির হুলে আহত হন হায়দার আলী, ফজলু, মাসুম, হায়াত আলী ও মোহাম্মদ আলী। এসময় ঘটনাস্থলেই হায়দার আলী মারা যান। অন্যান্যদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমরপ্লক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবীর হাসান জানান, মৌমাছির হুলে আহত তিনজন আশংকামুক্ত। মোহাম্মদ আলী নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।