গাংনীতে গাঁজা ও মোটরসাইকেল ফেলে মাদক কারবারীর ভোঁ-দৌড়
অন্যান্য মেহেরপুর

গাংনীতে গাঁজা ও মোটরসাইকেল ফেলে মাদক কারবারীর ভোঁ-দৌড়

সবার সংবাদ ডেস্ক:

পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে তিন কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল ফেলে ভোঁ-দৌড় দিয়ে পালিয়েছে অজ্ঞাত দুই মাদক কারবারী। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ অজ্ঞাত দু'জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ দেখানো হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেল যোগে দুজন মাদক কারবারী আসছে মর্মে সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স ভাটপাড়া গ্রামের সড়কে অবস্থান নেন। এ সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের থামতে সংকেত দেয়।

পুলিশের সংকেত পেয়ে তারা একটি লাল রংয়ের অ্যাপাচি ফোর ভি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। যার রেজিস্ট্রেশন নং মেহেরপুর ল-১১-৭৬৬২। এসময় মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরো জানান, মোটর সাইকেলের মালিক ও মাদক কারবারীদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে।