এক কেজি গাঁজা পাচারের দায়ে ঝুলতে হলো ফাঁসিতে
আন্তর্জাতিক

এক কেজি গাঁজা পাচারের দায়ে ঝুলতে হলো ফাঁসিতে

আন্তর্জাতিক ডেস্ক:

এক কেজি গাঁজা পাচারের অভিযোগে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে এশিয়ার দেশ সিঙ্গাপুর। বুধবার (২৬ এপ্রিল) ভোরে তাঙ্গারাজু সুপিয়া নামের ওই ব্যক্তির মৃত্যদণ্ড  কার্যকর করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয় ২০১৮ সালে তাঙ্গারাজু সুপিয়াকে মৃত্যুদণ্ড দেন দেশটির আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে গাঁজা আনার চক্রান্ত করেছিলেন তিনি। তবে এ মৃত্যুদণ্ড যেন কার্যকর করা নয় সেজন্য তার পরিবার, মানবাধিকার কর্মী এমনকি জাতিসংঘের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল।

মানবাধিকার কর্মীদের দাবি, গাঁজা পাচারের সঙ্গে তাঙ্গারাজুর সম্পৃক্ততা খুবই কম ছিল এবং তিনি যথাযথ আইনি অধিকার পাননি। তাদের দাবি দুর্বল প্রমাণের ভিত্তিতে তাঙ্গারাজুকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে চলছে আলোচনা-সমালোচনা।

তবে সিঙ্গাপুরের সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই তাঙ্গারাজুর দণ্ড কার্যকর করা হয়েছে।

মাদক নিয়ে বিশ্বের যে কয়েকটি দেশে কঠোর আইন রয়েছে সেগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। আধা কেজি পরিমাণ গাঁজা নিজের কাছে রাখলে সিঙ্গাপুরে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। দেশটির সরকারের ভাষ্য, সমাজে শৃঙ্খলা বজায় রাখতেই এমন আইন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাঙ্গারাজু সুপিয়ার ফাঁসির সিদ্ধান্তের নিন্দা জানিয়ে “অত্যন্ত নিষ্ঠুর” অ্যাখ্যা দিয়েছে।

তার ক্ষমা চেয়ে কয়েদিন আগে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকবকে শেষ মুহূর্তে একটি চিঠিতে আবেদন জানিয়েছিল পরিবার ও অ্যাক্টিভিস্টরা। তার আগে ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন এই মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ এবং মামলার পর্যালোচনার আহ্বান জানান দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

২০১৮ সালে তাঙ্গারাজুর মৃত্যুদণ্ড হয় এবং আপিল আদালত সেই রায় বহাল রাখেন। ২০১৩ সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে ১ কেজি গাঁজা সরবরাহে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। কিন্তু গাঁজা সরবরাহের সময় তিনি ধরা পড়েননি তাঙ্গারাজু। প্রসিকিউটরদের দাবি, তিনি পুরো বিষয়টি সমন্বয় করেছেন।

মাদকের অভিযোগে গত বছর একজন বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করে সিঙ্গাপুর সরকার। ওই ঘটনায় সেসময় সমালোচনার ঝড় বয়ে যায়।