ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনা জরুরি: তথ্যমন্ত্রী
জাতীয়

ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনা জরুরি: তথ্যমন্ত্রী

সবার সংবাদ ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। তবে তা একক কোনও দেশের পক্ষে সম্ভব না, এ ক্ষেত্রে সব দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

রবিবার (২৬ এপ্রিল) তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন। সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুদেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, তুরস্ক সফরের সময় তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর বুরহানউত্তীন দুরানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের নীতিগত সিদ্ধান্ত হয়।