দেশে টেলিগ্রাম অ্যাপে বিভ্রাট
তথ্য প্রযুক্তি

দেশে টেলিগ্রাম অ্যাপে বিভ্রাট

আইটি ডেস্ক:

যোগাযোগভিত্তিক অ্যাপ টেলিগ্রামে বিভ্রাট দেখা দিয়েছে। ব্যবহারকারীরা অভিযোগ করেছেন বুধবার (১৬ নভেম্বর) রাত থেকে টেলিগ্রাম অ্যাপে প্রবেশে ঝামেলা হচ্ছিল। বারবার চেষ্টা করে প্রবেশ করা গেলেও ব্যবহারে জটিলতা ছিল বলে এটি দিয়ে কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বৃহস্পতিবার সকাল (১৭ নভেম্বর) থেকে টেলিগ্রাম একেবারে ব্যবহার করা যাচ্ছে না বলে ব্যবহাকারীরা অভিযোগ করেন। 

বৃহস্পতিবার সকাল থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি), ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি ) এবং  ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ফোরামে যোগাযোগ করে কেন বিভ্রাট, সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। তবে এ বিভ্রাট বিশ্বের অন্য কোনও দেশে হয়েছে কিনা সে বিষয়ে আন্তর্জাতিক কোনও গণমাধ্যমে এখন কোনও সংবাদ নেই।

টেলিগ্রাম অ্যাপের বিভ্রাটের বিষয়ে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশে টেলিগ্রাম অ্যাপ বন্ধ কিনা এমন কোনও তথ্য আমাদের কাছে নেই। তবে গতকাল রাত থেকে ব্যবহারকারীরা টেলিগ্রাম অ্যাপে প্রবেশ করতে পারছেন না বলে শুনেছি।’

নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে দেশের একটি মোবাইল অপারেটরের দায়িত্বশীল এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার রাত থেকে টেলিগ্রাম অ্যাপে সমস্যা হচ্ছিল। সকাল থেকে এতে প্রবেশ করা যাচ্ছে না। মোবাইল ফোন ব্যবহারকারীরা আমাদের কাছে এর কারণ জানতে চাইছেন। আমরাও জানি না কী হয়েছে।’

প্রসঙ্গত, টেলিগ্রাম একটি যোগাযোগভিত্তিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ। অ্যাপটির সুবিধা হলো এটি বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ব্যক্তি কম্পিউটার (পিসি), লিনাক্স অপারেটিং সিস্টেম, ম্যাক এবং অ্যান্ড্রয়েড ও আইওএস -এ ব্যবহার করা যায়। অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন থাকায় নিরাপদে ব্যবহারের জন্য এটির জনপ্রিয়তা বাড়ছে। কিছুদিন আগে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে বিভ্রাট দেখা দিলে টেলিগ্রাম অ্যাপ হয়ে ওঠে বিকল্প। সে সময় টেলিগ্রাম অ্যাপের গ্রাহক অনেক বেড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর প্রচার করে।