বাড়ির সামনে ভালোবাসার সমুদ্র
বিনোদন

বাড়ির সামনে ভালোবাসার সমুদ্র

বিনোদন ডেস্ক:

মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড; একদিকে অভিজাত বসতি, অন্যদিকে আরব সাগর। এই সাগরমুখী একটি প্রাসাদসম বাড়ি। কিন্তু বুধবার (২ নভেম্বর) শুধু জলের সমুদ্র নয়, বাড়িটির সামনে দেখা গেছে জনসমুদ্রও!

বাড়ির নাম ‘মান্নাত’। হ্যাঁ, বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি। আর জনসমুদ্রের হেতুও সকলের জানা; অভিনেতার জন্মদিন। প্রতি বছরই এই দিনে শাহরুখের বাড়ির সামনে ভক্তদের স্রোত নামে। ব্যতিক্রম হয়নি এবারও।

বাড়ির সামনে এই ভক্তস্রোত দেখে মুগ্ধতায় ভরে গেছে শাহরুখ খানের মন। তাই বেশ কয়েকবার বাড়ির সামনে (ভক্তদের সঙ্গে দেখা করার একটি বিশেষ স্থান) এসে দেখা করেছেন, সেলফি তুলেছেন, ভিডিও করেছেন। এরপর সেগুলো নিজেও পোস্ট করেছেন সোশ্যাল অ্যাকাউন্টে।

এই ভক্ত সমাগমকে ‘ভালোবাসার সমুদ্র’ বলে অভিহিত করলেন শাহরুখ খান। বৃহস্পতিবার (৩ নভেম্বর) একটি ভিডিও শেয়ার দিয়ে বললেন, ‘আমার চোখে এটা ভালোবাসার সমুদ্র। এখানে আসা এবং দিনটিকে এত বিশেষ বানানোর জন্য সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালোবাসি তোমাদের সবাইকে।

এর আগে বুধবার (২ নভেম্বর) ভক্তদের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন কিং খান। ক্যাপশনে লিখেছেন, ‘সমুদ্রের সামনে বসবাস করা দারুণ ব্যাপার। ভালোবাসার সমুদ্র, যেটা আমাকে ঘিরে আছে এই জন্মদিনে। ধন্যবাদ তোমাদের। আমাকে এত বিশেষ অনুভব করানোর জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞ এবং আনন্দিত।’

প্রসঙ্গত, এবারের জন্মদিনে ভক্তদের চমকপ্রদ উপহার দিয়েছেন শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘পাঠান’র টিজার প্রকাশ হয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। খলনায়কের ভূমিকায় জন আব্রাহাম। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।