বাড়ির আঙ্গিনায় গাছ লাগানোর আহবান জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
টপ নিউজ মেহেরপুর

বাড়ির আঙ্গিনায় গাছ লাগানোর আহবান জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সবার সংবাদ ডেস্ক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এই অঞ্চলে বিরূপ প্রভাব পড়েছে, গত ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হচ্ছিল আমরা অনুভব করেছিলাম ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কঠিন একটি অবস্থা ছিল, এটি আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের এই অঞ্চলের উপর দিয়ে জলবায়ু পরিবর্তনের ফলে একটি বিরূপ প্রতিক্রিয়া পড়েছে, তা আমরা অনুভব করতে পারছি। সে ক্ষেত্রে আমি সবাইকে আবেদন করব বাড়ির আঙিনায় বনজ, ফলজ এবং ঔষধি গাছ লাগানোর।

তিনি আরো বলেন গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। এছাড়াও যদি একটি গাছ লাগিয়ে রাখা যায় ভবিষ্যতে যেকোনো কারনে অর্থনৈতিক সংকটে পড়লে তখন সেই গাছটি বিক্রি করলেও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে।

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম পিপিএম সেবা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বনায়ন কুষ্টিয়া জিএম মোহাম্মদ কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাদির মিয়া প্রমূখ।

এর আগে সকাল ১১ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ করা হয়।

এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বনায়ন কুষ্টিয়া জিএম মোহাম্মদ কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাদির মিয়া, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমূখ।