৩০০ রোহিঙ্গা নিয়ে ইন্দোনেশিয়া পৌঁছেছে দুটি নৌকা
আন্তর্জাতিক

৩০০ রোহিঙ্গা নিয়ে ইন্দোনেশিয়া পৌঁছেছে দুটি নৌকা

আন্তর্জাতিক ডেস্ক:

নারী ও শিশুসহ ৩০০ জনেরও বেশি রোহিঙ্গা মুসলিমকে বহনকারী দুটি নৌকা ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আচেহ পৌঁছেছে। প্রায় দেড় মাস ধরে সমুদ্রে থাকার পর রোববার সকালে সৈকতে পৌঁছেছে নৌকা দুইটি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে। 

রোববার সকালে দুটি নৌকা আচেহ প্রদেশে এসে পৌঁছায়। এর একটি ইন্দোনেশিয়ার পিডি এবং আরেকটি আচেহ বেসার জেলায় পৌঁছেছে। আচেহ প্রদেশের পিডি সোশ্যাল এজেন্সির প্রধান বলেছেন, শরণার্থীদের নৌকা যেখানে থেমেছে সেখানেই রাখা হবে। এবার আর তাদের জন্য কোনও বাড়তি খরচ করা হবে না।

এদিকে একই সময়ে রোহিঙ্গাদের নিয়ে আরেকটি নৌকা বাংলাদেশ থেকে যাত্রা করেছিলো যা এখনও নিখোঁজ রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা সতর্ক করেছে নৌকায় থাকা মানুষদের উদ্ধারে কোনও পদক্ষেপ নেওয়া না হলে তাদের মৃত্য হতে পারে।

নভেম্বর থেকে রবিবারের আগ পর্যন্ত ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে নৌকায় করে ১৫০০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এসেছে। প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার এক বিবৃতিতে বলেছেন যে গত কয়েক সপ্তাহে বিশেষ করে আচেহ থেকে দেশে প্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের সংখ্যা বাড়ছে। তিনি বলেন, এই ঘটনা পরে মানবপাচারে রুপ নিতে পারে।

এদিকে মানব পাচারের জন্য আচেহের তিন বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান হেনকি ইসমান্তো বলেছেন, তাদের বিরুদ্ধে ৩০ জন শরণার্থীকে উত্তর সুমাত্রা প্রদেশের মেদান শহরে পাচার করার অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাদের ১৮ লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া জরিমানা করা হয়েছে।

সমুদ্রপথে ছেড়ে আসা বেশিরভাগ শরণার্থী কাজের সন্ধানে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে।  ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণগত্যা শুরু করে। এর পর থেকে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।