সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে তিনটি দোকানে ১২ হাজার টাকা জরিমানা ও দুটি হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সদর আহমেদ।
এই সময় রান্না ঘরের সাথে উন্মুক্ত টয়লেট ও টয়লেটের আশে পাশে খাবার জিনিস খোলা রাখা, এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেহেরপুর হাসপাতাল মোড়ের কাউসার হোটেল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও হোটেলটিকে ৭ দিনের জন্য সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এছাড়া নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একই ধারায় মুক্তার হোটেল কে তিন হাজার টাকা জরিমানা করেন এবং হোটেলটি দুই দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন। মায়ের হাতের রান্না নামক অপর একটি হোটেল কে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানের সহযোগিতা করেন মেহেরপুর সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও মেহেরপুর জেলা পুলিশের একটি দল।







