সবার সংবাদ প্রতিবেদক:
উন্নত বাংলাদেশ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আগামী নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজে ‘স্থানীয় সরকার শক্তিশালীকরণে শিক্ষার গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নত বাংলাদেশ ও আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে গণভোটে হ্যাঁ দিতে হবে। আমরা আর পিছিয়ে পড়তে চাই না। আমরা চাই আমাদের সন্তানরা একটি উন্নত বাংলাদেশ দেখুক, পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক এই প্রত্যাশাই আমাদের। তিনি আরও বলেন, একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত প্রজন্মই পারে গণতন্ত্রকে সুসংহত করতে এবং দেশকে এগিয়ে নিতে।”
মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের সভাপতি মুস্তাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফয়েজ মোহাম্মদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মাধ্যমে সচেতন নাগরিক তৈরি হলে স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়নের পথ সুগম হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।







