সবার সংবাদ ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১০ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল এ আদেশ দেন। এর আগে, গত ৬ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।
এ মামলায় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ ১৯ জন আসামি ছিলেন। অপর আসামিরা হলেন, উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল, মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক, খাইরুল ইসলাম, ছাত্রদলকর্মী রিফাত, মো. আবু হানিফা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলকর্মী মজিবুর রহমান, ছাত্রদলকর্মী শরীয়তউল্লাহ ওরফে সুমন ও যুবদলকর্মী রাসেল মিয়া, কামাল মিয়া, মাঈন উদ্দিন, শরীফুল ইসলাম, রুহুল আমিন ও শাজাহান মিয়া।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ অক্টোবর গৌরীপুর মধ্যবাজার পান মহালে রাত ১০টার দিকে শুভ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।






