শীতকালীন যুদ্ধের জন্য প্রস্তুত ইউক্রেন
আন্তর্জাতিক

শীতকালীন যুদ্ধের জন্য প্রস্তুত ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক:

শীতকালীন রুশ আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত ইউক্রেন। তাদের সব ধরনের শক্তি সংস্থান রয়েছে বলে শনিবার (১১ নভেম্বর) জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো। তবে রাশিয়া শক্তি সরবরাহের নেটওয়ার্কগুলোতে আঘাত করতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গালুশচেঙ্কো ইউক্রেনের একটি সরকারি টেলিভিশনে দেওয়া বার্তায়  বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ জ্বালানি রয়েছে। এজন্য আমরা স্বস্তিতে রয়েছি। ভাবনার বিষয় হলো, জ্বালানি সরবরাহে রুশ আক্রমণ কতটা প্রভাব ফেলবে। উদ্বেগ প্রকাশ করে বুধবার কিয়েভ বলেছে, গত কয়েক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের অবকাঠামোতে ৬০ বার আক্রমণ করেছে। মস্কো এরই মধ্যে দ্বিতীয় শীতকালীন যুদ্ধের জন্য পাওয়ার গ্রিডকে লক্ষ্যবস্তু করা শুরু করেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, গত শীতে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বিদ্যুৎ পরিকাঠামোতে আঘাত করেছিল রাশিয়া। যার ফলে পুরো অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। গালুশচেঙ্কো বলেন, তাপমাত্রা কমে গেলে বা শূন্য ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকলে ইউক্রেনের শক্তি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে রাশিয়া।