রুশ হামলায় ইউক্রেনে নিহত ১০
আন্তর্জাতিক

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে সোমবার অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই হামলা হয়েছে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ঠিক কয়েক ঘণ্টা আগে। জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধের দ্রুত কোনও সমঝোতায় যেতে নারাজ বলে জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাতের ড্রোন হামলায় একটি পরিবারের ৭ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে একটি শিশু ও তার ১৬ বছর বয়সী ভাই। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় আরও ২৩ জন আহত হয়েছেন। এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজ্জিয়া শহরে ব্যালিস্টিক মিসাইল হামলায় ৩ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। 

খারকিভে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় বেঁচে যাওয়া মানুষদের উদ্ধার করছেন। জেলেনস্কি এই হামলাকে নৃশংস বলে আখ্যা দিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, পুতিন ইউক্রেন ও ইউরোপের ওপর চাপ তৈরি করতে এবং কূটনৈতিক প্রচেষ্টাকে অপদস্ত করতে এমন নৃশংস হত্যাকাণ্ড চালাবে।

রাশিয়া সোমবারের হামলার বিষয়ে তাত্ক্ষণিক কোনও মন্তব্য করেনি। অতীতে তারা দাবি করেছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের পর থেকে হাজারো বেসামরিক নিহত হয়েছেন। 

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে ১৪০টি ড্রোন ও ৪টি মিসাইল ছুড়েছে। এর মধ্যে ৮৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। গত ৪ আগস্টের পর এটিই রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা। বিমানবাহিনী আরও জানিয়েছে, ৬টি অঞ্চলের ২৫টি স্থানে হামলা চালানো হয়েছে। 

এদিকে, দক্ষিণের ওডেসা অঞ্চলে আজারবাইজানের রাষ্ট্রীয় তেল কোম্পানি সোকারের একটি তেল ডিপোতে ড্রোন হামলা হয়েছে। গত দুই সপ্তাহে এটি দ্বিতীয়বারের মতো ক্ষতিগ্রস্ত হলো। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক শেষে ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া একটি বড় শক্তি, তারা সহজে ছাড় দেবে না। জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চান এবং ডনবাস অঞ্চলের অধিকার ছেড়ে দেওয়ার শর্ত প্রত্যাখ্যান করেছেন।