বিনোদন ডেস্ক:
বলিউডের প্রেমিক পুরুষ সালমান খান। একের পর এক প্রেমে জড়িয়েছেন, কিন্তু সেই প্রেমের শুভ পরিণতি আর দেখা হয়নি। ভাইজানের প্রেমিকার তালিকায় ছিলেন ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ; এমনকি রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভান্তুরের সঙ্গেও মনের লেনাদেনা করেছেন তিনি।
এবার সালমান খান মজেছেন দক্ষিণ ভারতের এক অভিনেত্রীর প্রেমে। তার নাম পূজা হেগড়ে। ৩২ বছর বয়সী পূজার সঙ্গে নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন ৫৬ বছর বয়সী সালমান। এমনটা দাবি করেছেন উমর সান্ধু নামের এক সিনে সমালোচক।
সালমানের ঘনিষ্ঠ সূত্রের বরাতে তার দাবি, ‘শহরে নতুন যুগল। সালমান খান ও পূজা প্রেম করছেন। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। তারা একান্তে সময়ও কাটাচ্ছেন।
এর আগে প্রভাস ও কৃতি স্যাননের প্রেমের গুঞ্জনটিও ছড়িয়েছিলেন উমর সান্ধু। তবে সেটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন কৃতি। তাই সালমান-পূজার প্রেমের বিষয়টি নিয়েও সংশয় রয়েছে। তবুও নেট দুনিয়ায় খবরটি নিয়ে চর্চা চলছে।
এদিকে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ অভিনয় করছেন পূজা হেগড়ে। এতে শেহনাজ গিলও আছেন। ছবিটি পরিচালনা করছেন ফরহাদ সামজি। অন্যদিকে পূজা বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘সার্কাস’র প্রচার নিয়ে। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা।







