সবার সংবাদ প্রতিবেদক:
মুজিবনগরে রবি মৌসুমের সরিষা, মসুর, শীতকালীন পেঁয়াজ ও গম ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে বিভিন্ন ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে সরিষা চাষের জন্য ৯০০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। মসুর চাষে ৩০০ জন কৃষক পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। শীতকালীন পেঁয়াজ চাষে ১৬০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। গম চাষে ১ হাজার ৭০০ জন কৃষক পাবেন ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
বীজ ও সার বিতরণকালে মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।







