মোসাদ এজেন্ট সন্দেহে ইরানে গ্রেফতার ২২
আন্তর্জাতিক

মোসাদ এজেন্ট সন্দেহে ইরানে গ্রেফতার ২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের কোম প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সরকারি বার্তা সংস্থা ফার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে। কোম পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানকে উদ্ধৃত করে ফার্স নিউজ জানায়, জায়নবাদী (ইসরায়েলি) গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক রাখা, জনমত বিপথে চালনা করা এবং অপরাধী ইসরায়েলি শাসনের পক্ষে সমর্থন প্রদানের অভিযোগে ২২ জনকে শনাক্ত ও আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার তাসনিম বার্তা সংস্থা জানিয়েছিল, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে আরও ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাসনিম আরও জানিয়েছিল, এক ইউরোপীয় নাগরিককেও একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে তার পরিচয় বা গ্রেফতারের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

ইরান নিয়মিতই বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে ইরানিদের গ্রেফতার করে থাকে। তবে এসব গ্রেফতারের ক্ষেত্রে প্রায়ই কোনও প্রমাণ প্রকাশ করা হয় না। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে ইরানজুড়ে অন্তত ২২৩ জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। সংস্থাটি আরও দাবি করেছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।