সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরে একটি বেপরোয়া গতির ঘাতক ট্রাকের মুখোমুখি ধাক্কায় যাত্রীবাহী একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এক শিশু ও নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ফতেপুর সড়কে কায়েমকাটা মোড়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে ইজিবাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতরা হলেন— মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার জলিল শেখের ছেলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম এবং সদর উপজেলার শোলমারি গ্ৰামের জহিরুল ইসলামের স্ত্রী জাহিদা খাতুন। এছাড়া আহত অপর এক নারী ও শিশুর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাহিদা খাতুনসহ বাকিরা মেহেরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যাত্রী নিয়ে ইজিবাইকটি উজলপুরের দিক থেকে মেহেরপুরের দিকে আসছিলো। পথিমধ্যে কায়েমকাটা মোড়ের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উজলপুরগামী একটি বেপরোয়া গতির খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-১৭১৩) ইজিবাইকটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি মুহূর্তের মধ্যে দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ভেতরের যাত্রীরা রক্তাক্ত জখম হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে দুর্ঘটনার পর পরই চালক ট্রাকটি নিয়ে সটকে পড়ার চেষ্টা করে। তবে সংঘর্ষের কারণে ট্রাকের জ্বালানি তেলের ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় তেল সংকটের কারণে চালক ট্রাকটি উজলপুর কুঠিপাড়া বাজার এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো নিশ্চিত করা হয়েছে। ঘাতক ট্রাকটি উজলপুর বাজারে ফেলে চালক পালিয়ে গেছে, তাকে ও ট্রাকের মালিককে খোঁজা হচ্ছে। তেলের ট্যাংকি লিকেজ হওয়ার কারণে ট্রাকটি ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব না হলেও, সেটি থানা হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।






