সবার সংবাদ ডেস্ক:
ভূমিকম্পে কেঁপে উঠলো সীমান্তবর্তী জেলা মেহেরপুর। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮ টা ৭ মিনিটের দিকে ৪-৫ সেকেন্ডের জন্য কেঁপে ওঠে ঘরবাড়ি। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষণিক ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে জেলার বিভিন্ন জায়গার মানুষ বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম বলছে, ভারতের পশ্চিমবঙ্গের বারুইপাড়া নামক এলাকা ভূকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। ৪.৫ মাত্রার ভূকম্পনটি ৪ থেকে ৫ সেকেন্ড স্থায়ী হয়। ভূমিকম্পে হঠাৎ করে বাড়ি ঘরের আসবাবপত্র নড়তে শুরু করে।
মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রিংকী ওয়াফি নামের এক গৃহিণী বলেন, আমি বাচ্চা নিয়ে খাটে বসে ছিলাম। হঠাৎ জোরে জোরে ঘর নড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরে রাখা র্যাকের থালাবাসন কাঁপতে থাকে। এসময় বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়ে।
ভূকম্পনের বিষয়ে মেহেরপুরের মুজিবনগরের মোস্তাফিজুর রহমান জানান, ভূমিকম্প শুরু হলে চিৎকার করে ধড়মড়িয়ে ওঠেন বাড়ির লোকজন। এরপর এদিক-ওদিক দৌড়াদৌড়ি করতে থাকেন। এর আগেও ভূমিকম্প হয়েছে। কিন্তু আজকের এই ভূমিকম্প শক্তিশালী মনে হলো। বাড়িঘর নড়ে গেছে।







