মেহেরপুরে কৃষিজমিতে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে কৃষিজমিতে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে কৃষিজমিতে বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের চাঁদবিল ৭১ নম্বর মৌজায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাঁদবিল গ্রামের বাসিন্দারা বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য কৃষিজমি অধিগ্রহণ না করার দাবি জানান।

চাঁদবিল গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী ও শরিফুল ইসলাম বকুল।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদবিল গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র। কৃষিকাজই তাদের জীবিকার একমাত্র অবলম্বন। এরই মধ্যে প্রধান সড়কের পাশে ইম্প্যাক্ট হাসপাতাল, ব্র্যাক সিড অফিস, ফিলিং স্টেশন, ব্রিটিশ টোব্যাকো কোম্পানি, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকার কৃষকদের একমাত্র সম্বল চার ফসলি আবাদি জমি প্রায় শেষ হওয়ার উপক্রম হয়েছে।

তারা বলেন, অবশিষ্ট কৃষিজমি অধিগ্রহণ করে সেখানে বিজিবি ক্যাম্প স্থাপন করা হলে এলাকার অনেক কৃষক জীবিকা হারিয়ে না খেয়ে দিন কাটাতে বাধ্য হবেন। বক্তারা আরও বলেন, কৃষিকাজের জন্য সামান্য যে জমি অবশিষ্ট রয়েছে, তা যেন কোনোভাবেই অধিগ্রহণ করা না হয়। এ বিষয়ে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, সজিব আলী, আশরাফ আলী, আবুল কালাম, জাকের আলী, শরিফুল ইসলাম ও মতিউর রহমান।

মানববন্ধন শেষে চাঁদবিল গ্রামবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।