জামিনে মুক্ত সাবেক লঙ্কান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
আন্তর্জাতিক

জামিনে মুক্ত সাবেক লঙ্কান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক:

রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতার হওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) কলম্বোর এক আদালত তার জামিন মঞ্জুর করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে হাসপাতালে ভর্তি থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন। গ্রেফতার হওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে তার দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)।

আদালতের বাইরে বিপুল সংখ্যক সমর্থক ও বিরোধী রাজনীতিক জড়ো হন। পুলিশ ভিড় নিয়ন্ত্রণে রাখতে ব্যারিকেড বসায়। এ সময় ইউএনপির সহ-সাধারণ সম্পাদক আকিলা বিরাজ কারিয়াওয়াসম বলেন, ‘এ রায় আমাদের বিচারব্যবস্থার স্বাধীনতার প্রমাণ। দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপে আমাদের কোনও আপত্তি নেই, তবে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে।’

ইউএনপি দাবি করেছে, বিক্রমাসিংহের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এ অভিযোগ অস্বীকার করেছে। ২০২৩ সালে বিক্রমাসিংহে তার স্ত্রীর সম্মানসূচক অধ্যাপক পদপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত এক বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেই সফরে সরকারি অর্থ ব্যবহারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত ও পরবর্তীতে মামলা হয়।

পেশায় আইনজীবী বিক্রমাসিংহে ছয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা শ্রীলঙ্কার ইতিহাসে রেকর্ড। ২০২২ সালে দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময় তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ক্ষমতা হারান।