সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীনের চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার। এর আগে গত সোমবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া মাঠের মধ্যে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।
জানা গেছে, বামন্দীর নিজ বাড়ি থেকে মোটর সাইকেলযোগে গাংনী আসছিলেন তিনি। চেংগাড়া মাঠের মধ্যে পৌঁছুলে বিপরীত দিক থেকে সোনালী ব্যাংক জোড়পুকুরিয়া শাখার অফিসার রাসেল আহমেদের মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুজনই আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় রিয়াজ উদ্দীন আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।







