নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় পেছন থেকে ঠেলে যাত্রীবাহী লঞ্চ ডুবিয়ে দেয়ার ঘটনায় এমভি রূপসী-৯ নামে পণ্যবাহী কার্গো জাহাজটিকে আটক করেছে নৌ পুলিশ৷ এ সময় জাহাজে থাকা চালকসহ ৯ জনকে আটকের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান৷
রোববার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেনদিবাগ ডকইয়ার্ড থেকে জাহাজটি আটক করা হয়৷ পুলিশ জানায়, ডকইয়ার্ডে জাহাজটি রেখে পালাতে চেষ্টা করছিল চালক ও অন্য স্টাফরা৷
সাঁতরে তীরে ওঠা ডুবে যাওয়া লঞ্চের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার কিছুক্ষণ পূর্বে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চঘাট থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে এম এল আফছারউদ্দিন নামে যাত্রীবাহী লঞ্চটি৷ নারায়ণগঞ্জ সদর উপজেলার আল-আমিন নগর এলাকায় আসলে পেছন থেকে ঠেলে লঞ্চটিকে ডুবিয়ে দেয় এমভি রূপসী-৯ নামে একটি পণ্যবাহী কার্গো জাহাজ৷ এ সময় লঞ্চ থেকে লাফিয়ে নদীতে পড়েন অনেকে৷
উল্লেখ্য, আল-আমিন নগরের অদূরে কয়লাঘাট এলাকায় গত বছরের ৮ জুলাই এক কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে৷ এতে নারী ও শিশুসহ ৩৪ জনের প্রাণহানি হয়৷






